মেসি-নেইমারবিহীন ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, ২০ বছরে প্রথমবার 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৯:০৯ পিএম

ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা, মাঠে নেমে আসে ঐতিহাসিক দ্বৈরথের ঝাঁজ। প্রতিটি ম্যাচেই তৈরি হয় নতুন কোনো রেকর্ড, ওলট-পালট হয় পরিসংখ্যানের পাতা। তবে এবারের লড়াই শুরু হওয়ার আগেই ইতিহাস গড়ে ফেলেছে। কারণ, দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথে থাকছেন না দুই দলের দুই মহাতারকা লিওনেল মেসি ও নেইমার! 

দুই দলের কোচ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার পরই বিষয়টি নিশ্চিত হয়েছে। ইনজুরির কারণে আর্জেন্টিনা দলে নেই মেসি, আর ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন নেইমারও। একসঙ্গে দুই তারকার অনুপস্থিতি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সচরাচর দেখা যায় না। সবশেষ কবে এমনটা ঘটেছিল, তা জানতে ফিরতে হবে প্রায় ২০ বছর আগে—২০০৫ সালের ২৯ জুনের ফিফা কনফেডারেশনস কাপ ফাইনালে। সেবার ফ্রাঙ্কফুর্টে কার্লোস তেভেজ ও হুয়ান রোমান রিকেলমেদের আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। 

এরপর প্রায় দুই দশক ধরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতিটি ম্যাচেই ছিলেন মেসি বা নেইমার, কখনো কখনো দুজনই মুখোমুখি হয়েছেন। 

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় লিওনেল মেসির। এক বছরের মাথায়, ২০০৬ সালের ২ সেপ্টেম্বর, ব্রাজিলের বিপক্ষে প্রথমবার মাঠে নামেন তিনি। সেই ম্যাচে ৩-০ গোলে হারে আর্জেন্টিনা। 

অন্যদিকে, ২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে অভিষেক ঘটে নেইমারের। আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার মাঠে নামেন একই বছরের ১৭ নভেম্বর, যেখানে ১-০ গোলে হারে ব্রাজিল। 

এরপর থেকে ব্রাজিলের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ৮ জয়, ৬ হার ও ২ ড্র পেয়েছেন মেসি। তবে এই সময়ে ছয়টি ম্যাচে তিনি খেলতে পারেননি, যেখানে নেইমার ছিলেন ব্রাজিলের একাদশে। মেসিহীন সেই ছয় ম্যাচের মধ্যে পাঁচটিই ছিল প্রীতি ম্যাচ, যার মধ্যে আর্জেন্টিনা একটিতে জয়, একটিতে ড্র করে এবং তিনটি হারে। একমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের, যেখানে দুই দল ১-১ গোলে ড্র করে। 

অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে ১১ ম্যাচ খেলে ৫ জয়, ৪ হার ও ২ ড্র পেয়েছেন নেইমার। তবে যে পাঁচ ম্যাচে তিনি ছিলেন না, সেগুলোয় খেলেছেন মেসি। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের পারফরম্যান্স ছিল হতাশাজনক—এক জয়ের বিপরীতে দুটি ড্র ও দুটি হার। 

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে চলতি মাসে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর রাতে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ মার্চ বুয়েনস এইরেসে ব্রাজিলের বিপক্ষে লড়বে স্কালোনির দল। প্রাথমিক স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে মেসি চূড়ান্ত দলে জায়গা পাননি। 

অন্যদিকে, ব্রাজিলও খেলবে দুটি বাছাইপর্বের ম্যাচ। ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ব্রাসিলিয়ায় মাঠে নামবে তারা। এরপর ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মহারণ। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র শুরুতে নেইমারকে স্কোয়াডে রাখলেও ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় শেষ মুহূর্তে তাঁকে দলে রাখা হয়নি। 

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের সংগ্রহ ২০ পয়েন্ট। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ব্রাজিল। শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে, সপ্তম স্থানে থাকা দলকে খেলতে হবে প্লে-অফ। 

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে দুই মহাতারকার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত