গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাং সদস্যদের নিয়ে বাবার ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় হামলার শিকার ব্যক্তির আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় স্থানীয়রা চার কিশোর গ্যাং সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করে। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বাজার এলাকার আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। ভুক্তভোগী আসাদ মিয়া পাশের দুর্লভপুরের নায়েব আলীর ছেলে। বাবার ওপর হামলাকারীর নেতৃত্ব দেওয়া ছেলের নাম আবির আহাম্মেদ।
আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন হামলার শিকার আসাদ মিয়ার ছেলে আবির আহাম্মেদ (১৭), তার সহযোগী জাহিদ হাসান ১৬), জিহাদ আলম (১৭) ও মারুফ মিয়া (১৬)। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।
ভুক্তভোগী আসাদ মিয়া জানান, আবির তার প্রথম স্ত্রীর সন্তান। ওই স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। এক সময় আবিরের মা প্রবাসে ছিল। এ সময় তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাদের মধ্যে শত্রুতা বাড়ে। তার প্রথম স্ত্রী পারুল আক্তার প্রবাস থেকে ফিরে এসে আবিরকে দিয়ে একাধিকবার তাকে মারধরের চেষ্টা করেন। এ অবস্থায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শ্রীপুর মডেল থানার ওসি নয়ন কর জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
