চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই এলাকার মোহাম্মদ রাসেল (৩০) নামের এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পান মানিক। এ নিয়ে বাগ্বিত-ার এক পর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। গুরুতর আহত মানিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, পাওনা টাকার বিরোধে মানিককে ছুরিকাঘাত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ময়মনসিংহের নান্দাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ. মোমেন (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেন একই গ্রামের মৃত মোখলেস আলীর ছেলে। সম্প্রতি তার চাচাতো ভাই সবুজ ও আজিম মিয়ার বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে রাস্তা নেওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে মোমেনকে তার চাচাতো ভাইয়েরা ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ আ. মোমেনকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
