প্রাণিসম্পদ উপদেষ্টা বললেন

রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:৫১ এএম

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, করোনার আগে ও পরে রোগের যে ধরন সেখানে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না। শিগগিরই হাসপাতালে হিউম্যান ও এনিমেলের একই ওষুধ চলে আসবে। মানুষ ও প্রাণীকে আলাদা করা হলেও যখন প্রাণিসম্পদ দাবি করা হবে তখন মানুষসহ প্রাণী অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে প্রাণী বলতে মানুষ বাইরে থাকতে পারে না।

গতকাল মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভেটেরিনারি ডাক্তারদের রোগগুলোর ডায়াগনোসিস করার যে সক্ষমতা রয়েছে তা সত্যিই গর্বের। হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেক ভালো কাজ করে যাচ্ছেন কিন্তু সে অর্থে প্রচারণা কম। তাই আপনাদের কার্যক্রম সম্পর্কে যেন জনগণ জানতে পারে সে লক্ষ্যে প্রচার কার্যক্রম আরও বাড়াতে হবে।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নানান সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছে। ভেটেরিনারি ডাক্তার হিসেবে আপনারা যেভাবে পোষা প্রাণী নিয়ে কাজ করছেন তা প্রশংসনীয়। আপনাদের পাশাপাশি সমাজে এনিমেল ওয়েলফেয়ার অনেক সংগঠন পোষা প্রাণী নিয়ে কাজ করে যাচ্ছে। উপদেষ্টা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে জনবল ও পরিবহন সংকট দূরীকরণে এবং ডে-কেয়ার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল আজিজ আল মামুনসহ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা এ সময় বক্তব্য দেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার দুই শিফটে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাণীর চিকিৎসাসেবা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত