ইসিকে ১০ লাখের বেশি রোহিঙ্গার তথ্য দেবে জাতিসংঘ

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৬:২৫ এএম

বাংলাদেশে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর তথ্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রদান করবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)। সরকারের সঙ্গে সমঝোতা চুক্তির আওতায় ইসিকে এ তথ্য দেওয়া হবে। গতকাল বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।

এনআইডি ডিজি বলেন, ইউএনএইচসিআর-এর কাছে যে তথ্য আছে সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে একটা চুক্তি হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। এই ডেটা আমরা কীভাবে  পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে। এটা চূড়ান্ত হয়েছে ডেটাগুলো নির্বাচন কমিশনে থাকবে। এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে।

রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডেটা পাব তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক।  রোহিঙ্গাদের  ঠেকাতে আর  কোনো কষ্ট করতে হবে না।  কেননা, আমরা ডেটা  দেব ওই ডেটার সঙ্গে মিলে গেলেই বুঝব  রোহিঙ্গা। সুতরাং এটা আমাদের প্রথমেই কাজে লাগবে। তাদের  সঙ্গে  বৈঠকে পাসপোর্টের বিষয়টাও আলোচনা এসেছে। পাসপোর্টে আমাদের এনআইডিটি ইউজ করে। যদি এনআইডি আমরা ক্লিন করতে পারি তাহলে  রোহিঙ্গা শনাক্তে কনফরটেবল হবে।

যারা সার্ভারে ঢুকে গেছে বলে অভিযোগ আছে তাদের কী শনাক্ত করা যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই শনাক্ত করা যাবে। প্রথম হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করার সঙ্গে সঙ্গে আমরা এগুলো (এনআইডি) লক করে দেব। তারা আমাদের নাগরিক নয়। সুতরাং জানার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। যেহেতু বারবার আলোচনা হচ্ছে এই সিস্টেমে রোহিঙ্গারা রয়েছে।

অনেক বাংলাদেশি ত্রাণের আশায় রোহিঙ্গা হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সিইসি, তাদের বিষয়ে কী হবে? এমন প্রশ্নের জবাবে এনআইডি মহাপরিচালক বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। ১০ লাখের বেশি রোহিঙ্গা আছে বলে উনারা জানিয়েছেন। সার্ভার কার কাছে থাকবে এখনো ঠিক হয়নি। উনাদের টেকনিক্যাল লোক অনেক অভিজ্ঞ। আমরাও আমাদের ডেটা অনেক সিকিউরডভাবে সংরক্ষণ করতে পারছি। এগুলো পরবর্তীতে ঠিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত