বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সজীব (২৩) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আনন্দ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার দুপুরে মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।
নিহত মোহাম্মদ সজীব বরিশাল নগরীর ঝড়ঝড়িয়া তলা এলাকার আব্দুল মান্নানের ছেলে। আহত আনন্দ বরগুনা জেলার বামনা উপজেলার মনোরন্দ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরগুনাগামী মোড়ল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আ. লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিন্দু পরিমাণ ছাড় নয়