রাশেদ খান

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৫:৫০ পিএম

প্রয়োজনীয় সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচিতে তিনি এ আশঙ্কার কথা জানান।

গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি মাফিয়া-খুনি গোষ্ঠী। আওয়ামী লীগের যারা নিরীহ ছিল তাদের আমরা ক্ষমা করলেও যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

জাতীয় সংলাপের মাধ্যমে সব দলের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার গণ-অধিকার পরিষদের প্রথম দাবি৷ একইসঙ্গে প্রয়োজনীয় সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে পারে।

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে যারা এমন কর্মকাণ্ডে লিপ্ত, তাদের সাবধান করে তিনি বলেন, এমনটা চলতে থাকলে দেশে আরেকটি ১/১১ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত