৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৬:৩১ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীন পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী।

এর আগে শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে তিনবিঘা করিডরের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ বিএসএফ ব্যাটালিয়নের ওমর ক্যাম্পের ইনস্পেক্টর সঞ্জীব কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অংশ নেয়। অপরদিকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার আইয়ুব আলীসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন— ফেরদৌস ফরহাদ রশনি (২৬), হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮), ও রিয়া মনি (২৭)। তারা তিনজনেই তৃতীয় লিঙ্গের এবং ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আহমাদ আলী (৫২) ও তার স্ত্রী আমিনা বিবি (৪২)।

বিজিবি জানায়, শুক্রবার বিকালে রংপুর ৫১ বিজিবির আওতাধীন আঙ্গরপোতা বিওপি সীমান্তের বিপরীতে ভারতের সিস্টিয়া এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ওমর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০২২ সালে তারা কুমিল্লা-আগরতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবি কর্মকর্তারা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলোচনার পর আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত