সুন্দরবনের গহীনে আগুন লেগেছে। আজ শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুনের ধোঁয়ার কুন্ডলি দেখতে পায় বনবিভাগ। তবে রাত পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। আগামীকাল রবিবার থেকে আগুন নেভানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল কমির বলেন, শনিবার দুপুর একটা নাগাদ বনকর্মীরা চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। সেখানে আগুনের কুণ্ডলী একটি জায়গায় দেখা যায়। আগুনের বড় কোনও শিখা নেই, আছে শুধু ধোঁয়া। এখন আগুনের যে ধরণ দেখছি তাতে ভয়ের কিছু দেখছি না।
তিনি আরও বলেন, আগুন লাগার স্থানটি সুন্দরবনের বেশ গহীনে। পানির উৎস সুন্দরবনের মরা ভোলা নদী। যার দূরত্ব অন্তত তিন কিলোমিটার। তিন কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভাতে হবে। সুন্দরবনে লাগা আগুন যাতে বিস্তৃতি লাভ করতে না পারে সেজন্য স্থানীয় শতাধিক গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফায়ার লাইন (মাটি কেটে বিচ্ছিন্ন করা) কেটে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সকাল থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এবং বন বিভাগের নিজস্ব ফায়ার টিমও প্রস্তুত রয়েছে। সকাল থেকে পুরোপুরি কাজ শুরু হবে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাদ-ই আলম রাতে বলেন, বাগেরহাট, শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও কচুয়াসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। দুই কিলোমিটার পর্যন্ত পাইপ টানা হয়েছে। রাত হওয়ায় কাজ করা যাচ্ছে না। সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হবে।
চাঁদা না দেওয়ায় হাউজিংয়ের অফিস ভাঙচুর, ব্যবস্থা নিচ্ছে না পুলিশ