সাভারের আশুলিয়ায় দাওয়াত না দেওয়ায় ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে পিয়ার আলী নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় থানা যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে। অভিযোগ, হামলা চালিয়ে ভাঙচুর, ডেকোরেটর কর্মীদের মারধর ও খাবার নষ্ট করা হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের আটক করতে পারেনি। শনিবার দুপুরে আশুলিয়ার পাবনারটেক মাঠে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে।
দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক আশুলিয়া থানা যুবদল নেতা জহিরুল ইসলাম বলেন, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও তার সহযোগী মো. ইদ্রিসের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে প্যান্ডেল, মোটরসাইকেল ও সাউন্ড সিস্টেমের বক্স ভাঙচুরসহ ডেকোরেটর কর্মীদের মারধর করা হয়। হামলাকারীরা এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং দুটি নিয়ে যায়। এছাড়া তারা ২৫০০ লোকের জন্য রান্না খাবার নষ্ট করেছে।
যুবদল নেতা জহিরুল ইসলাম আরও বলেন, ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রধান অতিথি করা হয়েছিল।
পিয়ার আলী দাওয়াত না পেয়েই ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়। তাদের হামলায় যুবদল কর্মী সাঈদ ও শাহাদাত আহত হয়েছেন।
হামলার ঘটনায় অভিযুক্ত পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ করেননি তিনি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
