‘নিয়ম’ মেনে হার দিয়ে আইপিএল শুরু মুম্বাইয়ের

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৯:০৯ এএম

আইপিএলের সূচনা ম্যাচ মানেই মুম্বাই ইন্ডিয়ানসের হার—গত ১৩ মৌসুম ধরে এটাই যেন পরিণত হয়েছে এক ‘নিয়মে’। এবারও সেই ধারা বজায় রাখল পাঁচবারের চ্যাম্পিয়নরা। আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ উইকেটের হার দিয়ে যাত্রা শুরু করল মুম্বাই।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ ‘আইপিএল ক্ল্যাসিকো’তে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান তোলে মুম্বাই ইন্ডিয়ানস। জবাবে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সমান সংখ্যক শিরোপাজয়ী চেন্নাই।

টসে হেরে ব্যাটিংয়ে নেমেই বড় ধাক্কা খায় মুম্বাই। ইনিংসের চতুর্থ বলেই দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই শূন্য রানে ফিরে যান রোহিত শর্মা। এটি ছিল আইপিএলে তার ১৮তম ‘ডাক’, যা দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। তবু তিলক ভার্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব কিছুটা প্রতিরোধ গড়েন। চতুর্থ উইকেটে দুজন মিলে ৫১ রান যোগ করেন। ২৫ বলে ৩১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার তিলক, সূর্যকুমার করেন ২৬ বলে ২৯। তবে শেষদিকে দীপক চাহারের ১৫ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস মুম্বাইকে ১৫০ পার করতে সাহায্য করে।

চেন্নাইয়ের হয়ে বল হাতে সবচেয়ে ভয়ংকর ছিলেন নুর আহমেদ। আফগান বাঁহাতি স্পিনার ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। আইপিএলে ক্যারিয়ারের প্রথমবারের মতো ৪ উইকেট নেওয়া নুর ২০২৩ সালে মুম্বাইয়ের বিপক্ষেই ৩৭ রানে ৩ উইকেট পেয়েছিলেন, তখন খেলতেন গুজরাট টাইটানসে।

রান তাড়ায় চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও কিউই ওপেনার রাচিন রবীন্দ্র। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন তারা। গায়কোয়াড় ২৬ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হলেও একপ্রান্ত ধরে রাখেন রাচিন। ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে তবেই মাঠ ছাড়েন এই কিউই ব্যাটার।

মুম্বাইয়ের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার বিজ্ঞেশ পুতুর। ক্রিকেটের যে কোনো স্বীকৃত সংস্করণে এটিই ছিল তার অভিষেক ম্যাচ, আর তাতেই ৩২ রানে ৩ উইকেট তুলে নেন কেরালার এই স্পিনার।

তবে দিন শেষে ইতিহাসের পুনরাবৃত্তিই হলো—মুম্বাই ইন্ডিয়ানস প্রথম ম্যাচে হারল, আর চেন্নাই সুপার কিংস জয় দিয়ে শুরু করল এবারের আইপিএল মিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত