মোট্টাকে বরখাস্ত করে টিউডোরকে কোচ নিয়োগ দিল জুভেন্তাস

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১০:০৫ এএম

টানা বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হলো থিয়াগো মোট্টাকে। ইতালিয়ান ক্লাব জুভেন্তাস বরখাস্ত করেছে এই ব্রাজিলিয়ান-ইতালিয়ান কোচকে। নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক জুভেন্তাস তারকা এবং ক্রোয়েশিয়ান কোচ ইগর টিউডোরকে।

গত দুই ম্যাচে বড় ব্যবধানে হার এবং ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে অপ্রত্যাশিত বিদায়ের পরই মোট্টার চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সিরি আ-তে সম্প্রতি আটালান্টার কাছে ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় জুভেন্টাস। এর পরের ম্যাচে ফিওরেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে শীর্ষ চারের লড়াই থেকেও অনেকটা ছিটকে গেছে তারা। পয়েন্ট টেবিলে এখন পঞ্চম স্থানে থাকা জুভেন্তাস লিগের শীর্ষ দল ইন্টার মিলানের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে।

এদিকে ইউরোপিয়ান মঞ্চেও হতাশ করেছে জুভেন্তাস। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ রাউন্ডে পিএসভি আইন্দহোভেনের কাছে হেরে বিদায় নেয় তারা। একই মাসে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে এমপোলির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় দলটি।

রবিবার এক বিবৃতিতে জুভেন্তাস জানায়, 'জুভেন্তাস ফুটবল ক্লাব থিয়াগো মোট্টাকে পুরুষ দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে। ক্লাব ইগর টিউডোরকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে, যিনি আগামীকাল প্রথম অনুশীলন সেশন পরিচালনা করবেন।'

গত জুনে তিন বছরের চুক্তিতে জুভেন্তাসের দায়িত্ব নিয়েছিলেন মোট্টা। তার অধীনে দলটি টানা ২১ ম্যাচ অপরাজিত ছিল, তবে এর মধ্যে ১৩টি ম্যাচ ড্র হওয়ায় শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ে জুভেন্টাস। সাম্প্রতিক বড় পরাজয়গুলোর পর সমর্থকদের ক্ষোভ বাড়তে থাকে, যার ফলে চাকরি হারাতে হলো মোট্টাকে।

নতুন কোচ ইগর টিউডোর জুভেন্তাসের পরিচিত মুখ। সাবেক ক্রোয়েশিয়ান ফুটবলার টিউডোর এর আগে ২০২০ সালে আন্দ্রেয়া পিরলোর সহকারী হিসেবে জুভেন্তাসে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি লাৎসিওর প্রধান কোচ ছিলেন। শনিবার নিজের প্রথম ম্যাচে টিউডোরের দল জেনোয়ার বিপক্ষে মাঠে নামবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত