সাবিনারা ক্যাম্পে ফিরছেন ঈদের পর

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম

ঈদের ছুটির পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৬ এপ্রিল বাফুফের ক্যাম্পে ডাক পেয়েছেন মোট ৫৫ জন ফুটবলার। তবে এখনও নিশ্চিত নয়, সাবিনা খাতুনসহ বিদ্রোহী ১৮ ফুটবলার সত্যিই ক্যাম্পে ফিরবেন কি না। যদিও বাফুফে জানিয়েছিল, তারা ফিরতে রাজি হয়েছেন, তবে আনুষ্ঠানিকভাবে তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য আসেনি।

এরই মধ্যে বাফুফে ৩৭ ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছে। তবে সিনিয়র ১৮ ফুটবলারের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। ফলে তাঁরা ক্যাম্পে যোগ দিলেও চূড়ান্তভাবে জাতীয় দলে থাকবেন কি না, সেটি অনিশ্চিত।

জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলারও সব সিনিয়র ফুটবলারের ব্যাপারে এখনও সবুজ সংকেত দেননি। জানা গেছে, তিনি ৫৫ জনের বদলে ৩৫ জন ফুটবলারকে ক্যাম্পে চান। ক্যাম্পে কাকে রাখা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তাঁর দেশে ফেরার পর।

বাটলার ৬ এপ্রিল ঢাকায় ফিরবেন, আর পরদিন ৭ এপ্রিল থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, সাবিনারা সত্যিই অনুশীলনে ফেরেন কি না এবং বাটলার তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত