খুলনাসহ দেশে প্রতিবছর তিন লাখের বেশি মানুষের যক্ষ্মারোগ শনাক্ত হয়। তবে শনাক্তের বাইরে রয়ে যায় ১৭ শতাংশ রোগী। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
আজ সোমবার নগরীর সিএসএস আভাসেন্টারে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও জানানো হয় ৩০টি যক্ষ্মা প্রবণ দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যক্ষ্মা উপসর্গ আছে এমন প্রায় ৩০ লাখের অধিক ব্যক্তিকে পরীক্ষা করে মোট তিন লাখ ১৩ হাজার ৬২৪ জন যক্ষ্মারোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগে ৮৫ হাজার ৬০৮ জন, চট্টগ্রামে ৬০ হাজার ৩০৯, রাজশাহীতে ৩৫ হাজার ৮১৯, রংপুরে ৩৪ হাজার ৮৩৩, খুলনায় ৩৪ হাজার ১৪ জন, বরিশালে ১৯ হাজার ৬০০, সিলেটে ২২ হাজার ২২ এবং ময়মনসিংহ বিভাগে ২১ হাজার ৪১৯ জন রোগী সনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ বলেন, যক্ষ্মা এখন আর মারাত্মক রোগ নয়। এটি একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। রোগটি হলে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত ওষুধ সেবন করলে এ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। তবে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে যক্ষ্মা নিমূর্ল করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
