জামালপুর সদর উপজেলায় ট্রেন আসার সময় বার ভেঙে ফেলায় ট্রেনটির ধাক্কায় একটি ট্রাক দুমড়েমুচড়ে গেছে। এতে ট্রেনচালকসহ চারজন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন দেওয়ানগঞ্জগামী ট্রেনটির যাত্রীরা।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকার কানিল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নান্দিনা রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার নামে যাত্রীবাহী ট্রেনটি দুপুর সাড়ে ১১টার দিকে নান্দিনা এলাকার কানিল রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় গেটম্যান বারও ফেলেছিল। কিন্তু ট্রেনটি আসার সময় বার ভেঙে লাইনের ওপর তরমুজ বোঝায় ট্রাকটি উঠে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেনের চালক কামাল হোসেন ও সহকারী চালক ইদ্রিস আলী, গেইটম্যান কহিনুর ইসলাম ও ট্রাকচালক আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে দুপুর সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকটি রেললাইন থেকে সরানোর পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিনেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, রেলক্রসিংয়ের গেটম্যান আছেন। ট্রেন আসার সময় রেলগেইটের বার ফেলা হয়েছিল। কিন্তু বার ফেলা থাকার পরও ট্রাকটি লাইনের ওপর উঠে যায়। আর এতেই দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটিতে তরমুজ ছিল। দুর্ঘটনায় ট্রাকের সব তরমুজ নষ্ট হয়ে গেছে।
নান্দিনা রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. নাদির হোসেন বলেন, দুর্ঘটনায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটির ইঞ্জিন এক রকম বিকল হয়ে গেছে। কোনো রকমে ট্রেনটি ঘটনাস্থল থেকে খুব ধীরে ধীরে নান্দিনা রেলস্টেশন পর্যন্ত আনা হয়েছে। ট্রেনের ইঞ্জিনটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে, বিকল্প ইঞ্জিনও নিয়ে আসা হয়েছে। ইঞ্জিন দিয়ে ট্রেনটি গৌন্তব্যে ছেড়ে যাবে।
