বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি। এখনো সিন্ডিকেট রয়ে গেছে। ৭২ শতাংশ মানুষ এখনো পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্রসীমার নিচে রয়েছে। ৩৫ শতাংশ মানুষ এখনো দু’বেলা খায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার।
বৃহস্পতিবার বিকালে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা বাংলাদেশে থাকলে এ দেশের মানুষের উপকার হতো। এই দেশের জনগণ এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে ঠিক করবেন একটি জনবান্ধব সরকারের। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে। তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে নিজের ভোট নিজে দিতে পারবে।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুত, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা, নাসির আহমেদসহ প্রমুখ।
