মিয়ানমারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাজার কিলোমিটার দূরের থাইল্যান্ডের রাজধানীতে ব্যাংককে। ভূমিকম্পে মিয়ানমার, থাইল্যান্ডের বেশ কয়েকটি ভবন ধ্বসে গেছে। কম্পনের তীব্রতায় ব্যাংককের নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ার ভিডিও ফুটেজও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি স্থলভাগে হওয়ায় সুনামির ঝুঁকি কম।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রাথমিক কম্পনের ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়।
সংবাদমাধ্যম এশিয়া নিক্কেইয়ের খবরে বলা হয়, ব্যাংককের চাতুচাক জেলায় একটি নির্মাণাধীন ৩০ তলা বহুতল ভবন ধসে পড়েছে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে নির্মাণ শ্রমিকদের ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে।
থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, ৩০ তলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে ৪৩ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে। ব্যাংককের চতুচাক পার্কের কাছে ভবনটির ভেতরে ৫০ জন লোক ছিল।
থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন এক ফেসবুক পোস্টে বলেছে, সাত জন মানুষ রক্ষা পেলেও বাকি ৪৩ জন আটকা পড়েছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি-ও ৪৩ জন নিখোঁজের খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছে। একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি বাইরে নিচের দিকে ছিটকে পড়তে দেখা গেছে।
ব্যাংকক থেকে বিবিসির সাংবাদিকরা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে। কয়েকটি ভবনের জানালাও ভেঙে পড়তে দেখা গেছে।
ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, যখন আমি ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছালাম, আমি শুনতে পেলাম লোকজন সাহায্যের জন্য ডাকছে। ‘আমাকে সাহায্য কর’ বলে চিৎকার করছে।
