নতুন সাংস্কৃতিক ভাষা চায় চট্টগ্রাম

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম

বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় অগ্রণী ভূমিকা রেখেও বরাবরই উপেক্ষিত চট্টগ্রাম। রাষ্ট্রীয় পরিমণ্ডলে চট্টগ্রামের নিজস্ব সাহিত্য-সংস্কৃতি ও রাজনৈতিক মূল্যায়নের প্রয়োজন ছিল। কিন্তু তার কিছুই পাওয়া যায়নি। এমন কথাই উঠে এলো ফেইল্ড ক্যামেরা স্টোরিজ আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা : দায় আর্দ্দে দরদ’র চট্টগ্রাম’ শীর্ষক আলোচনায়।

মহান স্বাধীনতা দিবসের ৫৪ বর্ষপূর্তিতে আয়োজিত এ আলোচনা সভা হয় চট্টগ্রাম ক্লাবে। ফেইল্ড ক্যামেরা স্টোরিজ পরিচালক ও জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরামর্শ কমিটির সদস্য সাইদ খান সাগরের পরিচালনায় এতে বক্তারা চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের সংকট, সাংস্কৃতিক আন্দোলনে নারীদের পশ্চাৎপদতার কারণ ও উত্তরণের উপায়সহ নতুন রাজনৈতিক ব্যবস্থায় চট্টগ্রামের সংস্কৃতিতে জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সাইদ খান সাগর বলেন, পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে নতুন আঙ্গিকে দেশ সাজাতে হলে ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের ভাষা বুঝতে হবে। নতুন প্রজন্মের ওপর চট্টগ্রামের মানুষের জীবনাচার এবং সংস্কৃতি নিয়ে কাজ করার দায়িত্ব আছে উল্লেখ করে তিনি চট্টগ্রামের গান, ভাষা, সাহিত্য এবং ইতিহাস নিয়ে সাংস্কৃতিক আন্দোলন ও প্রতিষ্ঠান গড়ে তোলার অপরিহার্যতা তুলে ধরেন।

আলোচনায় চট্টগ্রামের স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট নুজহাত তাবাসসুম জুলাই আন্দোলনের পর নারীদের ঘরে ফিরে যাওয়ায় চট্টগ্রামসহ দেশের আর্থসামাজিক অবস্থাকে দায়ী করেন। এ ছাড়া নতুন সাংস্কৃতিক জোয়ারে নারীদের প্রতি দায় ও দরদ না থাকলে চট্টগ্রামের সংস্কৃতি সার্বজনীন হয়ে উঠতে পারবে না বলে জানান।

এতে বক্তব্য দেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সদস্য ও নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাসসের চট্টগ্রাম ব্যুরো চিফ মোহাম্মদ শাহনেওয়াজ, ঢাবির গুরুবার আড্ডার সূত্রধর ও কালচারাল অ্যাকটিভিস্ট জাহেদ আহমাদ। তারা চট্টগ্রামের নতুন সাংস্কৃতিক ভাষা নির্মাণে গুরুত্ব দেন।

আলোচকদের মধ্যে আরও ছিলেন গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমী, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ প্রতিনিধি শামসুল আরিফ ফাহিম, লেখক-চিকিৎসক মুকিত ওসমান চৌধুরী, থিয়েটারকর্মী আরাফাত লোকমান হাকিম, ইফফাত ফাইরুজ ইফা, তাসনিম মাহফুজ, ইশাত মান্নান, শাহরিয়ার ফারুক ভূঁইয়া, ফাহমিদা ইয়াসমিন, ফেইল্ড ক্যামেরা স্টোরিজের ঋত্বিক বড়–য়া ও অহনা বড়–য়া, আবু নাছের আলিফ, সুদীপ্ত চৌধুরী, মেহেদি হাসান, সাজেদ বিন হেলাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত