বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৮:১৯ এএম

দেশের প্রধান ধর্মীয় উপাসনালয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৭টায় অনুষ্ঠিত এই বিশেষ জামাতে ইমামের দায়িত্ব পালন করেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মুয়াজ্জিন (অব.) হাফেজ আতাউর রহমান।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে মুসল্লিদের মিলনমেলায়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ উপলক্ষে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী:

দ্বিতীয় জামাত: সকাল ৮টায়, ইমাম: হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির: মো. নাসিরউল্লাহ।

তৃতীয় জামাত: সকাল ৯টায়, ইমাম: মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, মুকাব্বির: মো. আব্দুল হাদী।

চতুর্থ জামাত: সকাল ১০টায়, ইমাম: মুশতাক আহমদ, মুকাব্বির: মো. আলাউদ্দীন।

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে, ইমাম: মুফতি মো. আব্দুল্লাহ, মুকাব্বির: রুহুল আমিন।

ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদে। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নামাজ আদায় নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মসজিদ প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়, যা মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে সহায়ক ভূমিকা রাখে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় মোনাজাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত