ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৮:২৬ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মাসব্যাপী রোজা পালনের পর গতকাল রবিবার রুশ মুসলিমরা ঈদ উদযাপন করেন।

সেন্ট্রাল স্পিরিচুয়াল ডিরেক্টরেট অব মুসলিমস অব রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমজান মাসের শেষে এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার জনজীবন ও আধ্যাত্মিক ক্ষেত্রে মুসলিম সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাতব্য, শিক্ষামূলক এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের ভূমিকা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।’

শুধু প্রেসিডেন্ট পুতিনই নন, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনও দেশটির মুসলিম জনগোষ্ঠীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য, ঐক্য ও সামাজিক উন্নয়নে তাদের অবদানের প্রশংসা করেন।

ঈদ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন মসজিদ ও ইসলামিক কেন্দ্রে বিশেষ নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুসলিমরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত