কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় মামা-ভাগনে নিহত 

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পিএম

কুষ্টিয়া শহরে রং লেনে ছুটে আসা প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাহাত ইসলাম পলাশ (৩০) ও মো. ফাহিম অনিক (২৩) নামের দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সিগারেট পণ্য বিক্রয় প্রতিনিধি হিসেবে সাভারে কর্মরত ছিলেন ও অনিক শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়ে তানভীর গণি (২৩) নামের আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী তিনজন মজমপুর থেকে চা খেয়ে মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে জিলা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে গুরুতর আহত মো. ফাহিম অনিক মারা যান।

ওসি আরও জানান, ঘটনার পর প্রাইভেটকারটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। রাস্তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই কারটি চিহ্নিত করে আটক করার চেষ্টা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত