হাসনাত-সারজিস ছাত্রলীগ থেকে নতুন দলে এসেছেন: ইসমাইল সম্রাট

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (সদর-কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে গণসংযোগ করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জন-অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাট।

বুধবার (২ এপ্রিল) জেলার কবিরহাট বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ইসমাইল সম্রাট বলেন, আমাদের চাওয়া হলো আগামী ডিসেম্বরের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান কাজই হচ্ছে বাংলাদেশের মানুষকে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়া। যেটা আগামী পঞ্চাশ বছর রোল মডেল হয়ে থাকবে।

তিনি আরও বলেন, খুনি হাসিনা এবং ভারতের ‘র’-এর এজেন্টদের চ্যাপ্টার আমরা ৫ আগস্ট ক্লোজ করে দিয়েছি। ৫ তারিখের পূর্বে যেভাবে প্রত্যেক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করেছি, ঠিক সেইভাবে সবাই ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক গুণগত পরিবর্তন এনে বাংলাদেশটাকে নতুনভাবে গড়ব। খুনি হাসিনা ও ভারতকে মোকাবেলা করে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরে রূপান্তর করব।

ইসমাইল সম্রাট কবিরহাট উপজেলার আবদুল্যাহ মিয়ার হাট, কালামুন্সী বাজার, এমপির পোল, শাহাজির হাট, নরোত্তমপুর, কবিরহাট পৌরসভা,  ভূঁইয়ারহাট, কোম্পানীগঞ্জ উপজেলার লোহারপুল, চাভিটি, গোয়ালের পোল, করালিয়া, বসুরহাট পৌরসভায় গণসংযোগ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তাদের খোঁজ-খবর নেন ইসমাইল সম্রাট।

এ সময় বাংলাদেশ জন-অধিকার পার্টির (পিআরপি) নোয়াখালীর সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মওদুদ আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত