বগুড়ার নন্দীগ্রামে পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় কালো পাথরের মূর্তির ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ। প্রাচীন আমলের এই মূর্তি কষ্টিপাথর হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি।
আজ বুধবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল এলাকার লয়া নামক পুকুরপাড় থেকে তিন কেজি ওজনের প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়। প্রথমে সরস্বতী মূর্তি বলে জানানো হলেও গরুড় বিষ্ণুর বাহন হিসেবে প্রাথমিকভাবে সনাক্ত করেছে পুলিশ।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুনাইল গ্রামের লয়া-পুকুরে স্থানীয়রা মাছ চাষ করেন। সম্প্রতি পুকুরটি সংস্কার করে পাড়ে মাটি ফেলা হয়েছে। সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল প্রাচীন আমলের মূর্তি। শিশুরা খেলা করার সময় সেটি পেয়েছে। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, ভাঙা অবস্থায় উদ্ধার করা মূর্তিটি কালো পাথরের বলে নিশ্চিত করেছে মহাস্থান জাদুঘর। এগুলো মূল মূর্তির প্যাডেস্টালের নিচের অংশে থাকে। গরুড় বিষ্ণুর বাহন এই মূর্তি কষ্টিপাথর কিনা নিশ্চিত বলা যাচ্ছে না।
কুষ্টিয়ার আশীষ মন্ডলের বাড়িতে এখন শুধুই বিষাদ