অসময়ে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০১ এএম

সাতক্ষীরার আশাশুনিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে জোয়ারের তোড়ে দেখা দিয়েছে এই ভাঙন। গত সোমবার সকাল ৯টায় উপজেলার বিছট গ্রামে প্রায় দেড়শ ফুট বেড়িবাঁধ হঠাৎ করে ভেঙে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে ঈদের আনন্দ গ্রামবাসীর নিরানন্দে পরিণত হয়েছে। স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিছট গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘সোমবার সকালে আমরা সবাই ঈদের নামাজ আদায়ে ব্যস্ত ছিলাম। নামাজ শেষে জানতে পারলাম প্রায় দেড়শ ফুট বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত লোকজনকে ভাঙন পয়েন্টে যেতে বলি। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে একটি বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন। ভাঙন পয়েন্টে দ্রুত বাঁধ নির্মাণ করা না গেলে জোয়ারে বিছট গ্রামসহ আশপাশের ৭-৮টি গ্রাম প্লাবিত হবে।’ সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগের ব্যবস্থা করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, ‘ভাঙনের কথা শোনামাত্রই পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। আশা করি, দ্রুত ভাঙনরোধ করা সম্ভব হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত