১৫টি ফ্রেঞ্চ কাপ শিরোপা ঘরে রয়েছে পিএসজির। চলতি মৌসুমেও শিরোপাটি নিজেদের করে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গিয়েছে ফরাসি ক্লাব। মঙ্গলবার রাতে দুই গোলে পিছিয়ে পড়ার পরও উসমান দেম্বেলের নৈপুণ্যে দারুণ প্রত্যাবর্তনে ফ্রেঞ্চ কাপের ফাইনালে নাম লিখিয়েছে পিএসজি।
ফ্রান্সের দ্বিতীয় স্তরের দল ডানকার্কের বিপক্ষে লিলের মাঠ ডিক্যাথলন অ্যারেনাতে ম্যাচের ৩০ মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল পিএসজি। এরপর তারা নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায়। উসমান দেম্বেলের জোড়া গোল ও এক অ্যাসিস্টে ৪-২ ব্যবধানে ডানকার্ককে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফরাসি কাপের ফাইনালে উঠল লুইস এনরিকের দল। এমন ম্যাচের পর কোচ এনরিকে বলেন, ‘ আমার মনে হয় আজকের দিনটি একটি সত্যিকারের পরীক্ষা ছিল। আমি আত্মবিশ্বাসী এই দলটি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’
মঙ্গলবার রাতের ম্যাচটিতে সপ্তম মিনিটে ভিনসেন্ট সাসোর গোলে এগিয়ে যায় ডানকার্ক। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাইদ আল সাদ। প্রথমার্ধের শেষ মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে দেম্বেলের গোলে পিএসজির ঘুরে দাঁড়ানোর শুরু। বিরতির পর ৪৮তম মিনিটে তার দেওয়া ক্রসেই মাথা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান অধিনায়ক মার্কিনহোস। ৬২তম মিনিটে তরুণ ফরাসি স্ট্রাইকার ডেসিরে ডুয়ের গোলে লিড পাওয়ার পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দেম্বেলের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় পিএসজির। এই মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে দেম্বেলের গোল হলো ৩২টি, অ্যাসিস্ট ৭টি। এ মৌসুমে কোয়াড্রিপল জেতার সুযোগ দলটির সামনে।
