যশোরে দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে নিহতের স্ত্রী ও আরেক মেয়েসহ ৩ জন। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরতলীর পুলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার মজগুন্নীর রুবেল (৩৪) ও তার মেয়ে ঐশী (১০)। আহত হয়েছেন নিহত রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও সাড়ে চার বছরের অপর মেয়ে  সায়েবা এবং পথচারী কৃষ্ণবাটি গ্রামের ওসমান (১৯)।

আহত জেসমিন জানান, তার বাবার বাড়ি শার্শার বহিলাপোতা থেকে স্বামীর বাড়ি খুলনার মজগুন্নী যাওয়ায় পথে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে তারা বহিলাপোতায় গিয়েছিলেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান স্থানীয়দের বরাতে জানান, বিকেল সোয়া ৫টার দিকে বেনাপোলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে ১০ বছরের ঐশীর মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ এসে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত