চট্টগ্রামে গুলিবিদ্ধ সেই জিহাদ মারা গেছেন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৭ এএম

চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা ব্যানার টানানোকে কেন্দ্র করে মহানগর বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত যুবকের নাম মো. জিহাদ (২৭)। তিনি নগরের লালখান বাজার এলাকার বাসিন্দা। তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী।

খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, ‘বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ জিহাদ চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর আজ (গতকাল) বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। ওই সংঘর্ষের ঘটনার পরদিনই আহত এক ভিকটিমের পরিবার বাদী হয়ে ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান।’

জানা গেছে, ২১ মার্চ রাত ৮টার দিকে নগরের জিইসি মোড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন জিহাদ। গোলাগুলির ওই ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত