মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে : বুলু

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৮ এএম

সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, তারা আগে হলে-মেসে থাকলেও এখন চড়েন ৬ কোটি টাকার গাড়িতে। গায়ে দেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে পরেন ৪০ লাখ টাকার ঘড়ি। তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ।

গতকাল বৃহস্পতিবার  দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত উপজেলার সাত শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতাদের প্রসঙ্গ টেনে বুলু বলেন, নতুন দলের (এনসিপি) এক নেতা বাড়ি যেতে একশর অধিক গাড়িবহর নিয়ে গেছেন। ইন্টারকন্টিনেন্টালে ৫ কোটি টাকার ইফতার খাওয়ান। আগে ৫০০ টাকার পাঞ্জাবি পরলেও এখন পরেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি। জুতা পরেন ৫০ হাজার টাকার। ব্যবসায়ী-প্রশাসন তাদের তদবির আর বদলি বাণিজ্যে অতিষ্ঠ। মব জাস্টিজের নামে মানুষের ঘরবাড়িতে হামলা-নৈরাজ্য করা হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে দেশে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

বুলু আরও বলেন, যারা দেশে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে তারা জনগণের পক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না। যারা ৩০ লাখ শহীদকে অস্বীকার করে, একাত্তর ও মহান মুক্তিযুদ্ধকে মানে না এবং এর বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করে তারা আসলে দেশ, গণতন্ত্র ও জনগণের শত্রু। তাদের ভোট চাওয়া, প্রার্থী হওয়া কিংবা এ দেশে রাজনীতি করার অধিকার নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত