মারধরের পর যুবকের ‘আত্মহত্যা’ এএসআই প্রত্যাহার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ এএম

বগুড়ার কাহালুতে মারধরের শিকার হয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে জাহিদুল ইসলাম নামের এক যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় কাহালু থানার এএসআই বেলাল হোসেনকে প্রত্যাহার করে নিয়ে বগুড়ার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় কাহালু থানার এসআই মাসুদ বিষয়টি নিশ্চিত হয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার শেখাহার তেলিপাড়ার আহম্মদের ছেলে জাহিদুল একাধিক বিয়ে করেন। কিছুদিন আগে এক স্ত্রী তাকে তালাক দিয়ে কালাই ইউপির সাবেক মেম্বার নাসির উদ্দিনকে বিয়ে করেন। গত সোমবার দুপুরে জাহিদুল পিলকুঞ্জ ঝাঁঝারপাড়া এলাকায় নাসিরের বাড়িতে গিয়ে সাবেক স্ত্রীর সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনায় সাবেক মেম্বার নাসির এএসআই বেলাল হোসেনকে খবর দিয়ে তার বাড়িতে ডেকে আনেন।

অভিযোগ উঠেছে, বেলাল হোসেন সেখানে যাওয়ার পর জাহিদুল মারধরের শিকার হন। এতে লোকলজ্জায় পড়ে বাড়িতে এসে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে গত মঙ্গলবার বিকেলে জাহিদুলের লাশ নিজ বাড়িতে আনা হয়। পরের দিন বুধবার জাহিদুলের আত্মহত্যার সঙ্গে এএসআই বেলালের জড়িত থাকার অভিযোগ ওঠায় তাকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত