গোপালগঞ্জের কোটালীপাড়ায় জেলা পরিষদের অর্থায়ণে রাজাপুর-রামশীল খেয়াখাটের বরাদ্দকৃত ঘাটলা নিজ বাড়িতে নির্মাণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য অবনী রায়ের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ।
আজ শুক্রবার দুপুরে পয়সারহাট-পীড়ারবাড়ি সড়কের রাজাপুরে অবস্থান নেন স্থানীয়রা। পরে সেখানে তারা এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ত্রিমুখী বাজার কমিটির সভাপতি কেশব তালুকদার, রামশীল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজীব তালুকদাররসহ অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রামশীল-রাজাপুর খেয়াঘাটে একটি ঘাটলা নির্মাণের। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে জেলা পরিষদ কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে একটি ঘাটলার বরাদ্ধ হয়। কিন্তু ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার অবনী রায় প্রকল্পের সভাপতি হয়ে খেয়াঘাটে ঘাটলা নির্মাণ না করে তার নিজ বাড়ির ঘাটে ঘাটলা নির্মাণ করেছেন। এ ছাড়া তিনি মাতৃকালীন ভাতা, বয়স্কভাতা দেওয়ার জন্য বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে। দ্রুত ইউপি সদস্যের পদত্যাগের দাবি জানান তারা।
