ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার ঘরের মাঠে চেলসি ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে ব্লুজরা। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। জয়ের পর চেলসির কোচ এনজো মারেস্কা খুশি কারণ, ভুল করেও বেঁচে গেছে তার দল। আর ভিএআর-এ গোল বাতিল হওয়ায় টটেনহ্যাম কোচ আঙ্গে পোস্তেকোগলু বলেন, ভিএআর খেলাটিকে ধ্বংস করে দিচ্ছে।
পার্থক্য গড়ে দেওয়া গোলটি আসে ম্যাচের ৫০ মিনিটে। বাম প্রান্ত থেকে কোল পালমারের ক্রসে বল পেয়ে ফাঁকায় থাকা এনজো দারুণ হেডে বল জালে পাঠান। পরে দুই দলই একবার করে বল জালে পাঠায়। তবে ভিএআর-এ দুটি গোলই বাতিল হয়। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর পালমার ও ফার্নান্দেজকে উঠিয়ে দুজন ডিফেন্ডার নামান চেলসি কোচ মারেস্কা। উদ্দেশ্য, গোল হজম না করা। তবে ম্যাচের যোগ করা সময় যে ১২ মিনিট! উইঙ্গার ও মিডফিল্ডারকে সরিয়ে নেওয়ায় ম্যাচ হয়ে পড়ে অনেকটাই একমুখী। বাকি সময়ে টটেনহ্যামের একের পর এক আক্রমণ সামলায় চেলসি। ম্যাচের পর চেলসি কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা যথেষ্ট সুযোগ তৈরি করে কাজে লাগাতে পারিনি। দ্বিতীয়ার্ধে ওই গোলের পর... সত্যি বলতে, ভুলটা আমারই, কারণ অতিরিক্ত সময় দেখার আগেই আমি ওই দুটি বদল করে ফেলি। যখন দেখলাম ১২ মিনিট যোগ করা হয়েছে, আমার মনে হলো, একটু বেশি আগে পরিবর্তন করে ফেলেছি। তবে সৌভাগ্যজনকভাবে ম্যাচটি আমরা জিততে পেরেছি এবং এটিই গুরুত্বপূর্ণ।’
৬৯ মিনিটে টটেনহ্যামের সেনেগালিজ মিডফিল্ডার পাপে মাতারের গোল ফাউলের কারণে ভিএআর বাতিল করে। গোলটি করার আগে ফাউল করেছিলেন পাপে মাতার। হারের পর ভিএআর প্রযুক্তির কড়া সমালোচনা করে টটেনহ্যাম কোচ পোস্তে কোগলু বলেন, ‘এটা (ভিএআর) ফুটবল খেলাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু কেউই এ নিয়ে মাথা ঘামায় না।’ খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার জার্সিতে রক্ষণ সামলানো পোস্তে কোগলু আরও বলেন, ‘আমার মনে হয় সবাই নাটক-বিতর্ক পছন্দ করে। নিশ্চিত যে এটি নিয়ে ২৪ ঘণ্টা আলোচনা হবে, সবাই তো এটাই চায়। এটা খেলার জৌলুস নষ্ট করে দিচ্ছে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচ শেষে ৫২ পয়েন্টে চারে চেলসি, এক পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে ম্যানসিটি, ৫৭ পয়েন্টে তিনে নটিংহ্যাম ফরেস্ট, ৬১ পয়েন্টে দুইয়ে আর্সেনাল, ৭৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।
