রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি দুই বিচারপতিকে অভিনন্দন জানিয়ে তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রসঙ্গত, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি গত ২৪ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেন। পরদিন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
