ঈদের ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু বিএমইউতে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ এএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। গতকাল শনিবার থেকে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সব কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল শনিবার তিন পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকের শহীদ ডা. মিলন হলে উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলমের নেতৃত্বে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শিক্ষক, সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার ও রেসিডেন্ট এবং সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মচারীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, গত ৩১ মার্চ সকাল ৮টায় বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিন বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাসহ রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ এবং শিশু নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন শিশুদের ঈদের উপহার দেওয়া হয়। আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয় থেকে আরও বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা ছিল। এ সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে দুই সহস্রাধিক রোগী চিকিৎসা নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত