টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্য পার্লামেন্টে মিথ্যাচারের অভিযোগ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১২:১১ পিএম

যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট মালিকানা বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শনিবার (৫ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে যুক্তরাজ্যে অবস্থিত প্রায় ৬ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। টিউলিপের বিরুদ্ধে এই ফ্ল্যাটের মালিকানা নিয়ে তদন্তও চালিয়ে যাচ্ছে দুদক।

টিউলিপ সিদ্দিক *ডেইলি মেইল*-কে জানান, ২০০২ সালে তিনি তার বাবা-মায়ের কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন এবং ২০১৫ সালে তা বৈধভাবে তার বোন আজমিনার কাছে হস্তান্তর করেন। তার ভাষ্য অনুযায়ী, ওই বছরই তিনি প্রথম ব্রিটিশ এমপি নির্বাচিত হন এবং পরপরই ফ্ল্যাটটি বোনকে দিয়ে দেন।

তবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দাবি, হেবা (ইসলামি দানপত্র) মাধ্যমে হস্তান্তরের যে কথা বলা হচ্ছে, সেটি ‘ভুয়া’। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যেই ব্যারিস্টারের মাধ্যমে হেবা সম্পন্ন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তিনি ওই ঘটনায় কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন এবং অভিযোগ তুলেছেন—তার স্বাক্ষর জাল করা হয়েছে।

বাংলাদেশের কিছু আইন বিশেষজ্ঞ জানান, হেবা নথি রেজিস্ট্রেশন ছাড়াই কার্যকর করা যায় না। সাব-রেজিস্ট্রি অফিসের অনুমোদন ছাড়া এটি আইনত বৈধ নয়।

এদিকে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার রেজিস্টারের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের জুন পর্যন্ত ফ্ল্যাটটি টিউলিপের পরিবারের সঙ্গে যৌথ মালিকানাধীন ছিল এবং পরের মাসে সেটি হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে। তবে ডেইলি মেইল দাবি করেছে, ঢাকার সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটির মালিকানা এখনো টিউলিপ সিদ্দিকের নামেই রয়েছে—যা দুদকের অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত