প্রেসিডেন্ট আনূঢ়া কুমারা দিশানায়েকের আমন্ত্রণে এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের জনগন কতটা ক্রিকেটপাগল তা সবার জানা। সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিও ক্রিকেটের কাছাকাছি থাকেন। তাই শ্রীলঙ্কা সফরের ফাঁকে তাকে দেখা গেল ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে।
মোদির সঙ্গে সাক্ষাতপর্বে উপস্থিত ছিলেন- সনৎ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, রমেশ কালুভিথরানা, উপুল চন্দনা, মারভান আতাপাত্তু, চামিন্দা ভাস প্রমুখ। তবে ছিলেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা আর স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরন। মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ক্রিকেটের মাধ্যমে বন্ধন! ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দল অগণিত ক্রীড়াপ্রেমীর হৃদয় জয় করেছে!’
সাক্ষাতের পর ভারতীয় গণমাধ্যমকে ১৯৯৬ বিশ্বকাপের টুর্নামেন্টসেরা সাবেক বিধ্বংসী ওপেনার জয়াসুরিয়া বলেছেন, ‘আমরা ক্রিকেট, আমাদের বর্তমান এবং অতীত নিয়ে আলোচনা করেছি। এটি আমাদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা। তিনি কীভাবে প্রধানমন্ত্রী হয়েছেন, ভারত গড়েছেন এবং ভারতের জন্য কী করেছেন, সে সম্পর্কে কথা বলেছেন।’
জয়াসুরিয়ার উদ্বোধনী সঙ্গী কালুভিথরানা বলেছেন, ‘ভারত ও মোদির সরকার শ্রীলঙ্কার সংকটে সব সময় পাশে ছিল। পাশে ছিল আমাদের ক্রিকেটেরও।’
অরবিন্দ ডি সিলভা বলেছেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) বিশ্বজুড়ে একজন সম্মানিত ব্যক্তি এবং ভারতের জন্য অনেক কিছু করেছেন। এত বড় দেশে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া একটি উল্লেখযোগ্য অর্জন। তার সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে এবং আমরা সত্যিই উপভোগ করেছি।’
আইপিএলের ফাঁকে নির্মাণকাজ দেখতে গেলেন স্থপতি বরুণ চক্রবর্তী
জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেকে সমস্যা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা
পাকিস্তানে গিয়ে কোচিংয়ের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে গিলেস্পির