আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ এএম

গাজীপুরে মশার কয়েল থেকে বসতবাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীসহ অন্তত ৪ জন আহত হন। আগুনে পুড়ে সেই ঘরে রাখা দুটি ছাগলও মারা গেছে।

গত শনিবার রাত ২টার দিকে নগরের চতর শিমুলতলীর এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) পুনর্বাসন এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

নিহতের নাম মোবারক হাওলাদার (৬৫)। আহতরা হলেন তার ছেলে মাসুম, মেয়ে রোজিনা, জামাতা রুবেল ও প্রতিবেশী হোসেন।

নিহত মোবারক হাওলাদরের মেয়ে রোজিনা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে প্রতিবেশীদের চিৎকারে তার ঘুম ভাঙে। এ সময় তিনি দেখেন পাশের ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। তার বাবা, মা, ভাইসহ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনে ঘরের বিদ্যুতের তার ও মিটার পুড়ে গিয়ে টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। তার বাবা পাশের ঘরের টিন খুলে পানির সন্ধানে বাথরুমে প্রবেশ করলে সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুতের লাইন বন্ধ করে প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো হয়। আগুন নেভানোর পর মোবারক হাওলাদারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভায়রা সারোয়ার হোসেন জানান, মশার কয়েলের আগুন থেকে ঘরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত