গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান এবং দুপুর ১২টায় প্রতি শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান।
ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।
