চট্টগ্রামে ছাঁটাই করা কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সিইপিজেড এলাকায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘এক্সেল শিওর সুজ’ নামের একটি কারখানার শ্রমিকেরা। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে সড়ক অবরোধ শুরু করে বিক্ষোভ করতে থাকলে দুপুর ১২টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কয়েকজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন মানুষ।
শ্রমিকেরা জানান, গত ৩০ মার্চ কারখানাটির ৪০ শ্রমিককে স্থায়ীভাবে ছাঁটাই করে কর্তৃপক্ষ। ছাঁটাই কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে শ্রমিকেরা শনিবার (৫ এপ্রিল) থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। কর্মসূচির মধ্যেই গতকাল রোববার সকালে কারখানার ফটক বন্ধ দেখতে পান শ্রমিকেরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ফটক ভেঙে কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এতে কয়েকজন আহতও হন।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সোলায়মান বলেন, ‘প্রতিষ্ঠানে নিয়মকানুন না মানায় মালিকপক্ষ কিছু শ্রমিককে চাকরিচ্যুত করে। তাদের বেতনও পরিশোধ করা হয়েছে। এরপরও তারা বিশৃঙ্খলা করেছেন। দুপুর ১২টার দিকে সড়কে অবস্থানরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। বর্তমানে পরিস্থিতি স্বাভবিক।’
তবে শ্রমিকরা জানান, যারা তাদের প্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে কথা বলতেন তাদেরকেই ছাঁটাই করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ জানাতে তারা তিন দিন ধরে বিক্ষোভ করছেন। কিন্তু মালিকপক্ষ সাড়া দিচ্ছে না।
