শারমীন মুরশিদ বললেন

গাজায় ইসরায়েলের গণহত্যা নৃশংসতার সীমা ছাড়িয়েছে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৪২ এএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। গতকাল সোমবার ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় এবং চব্বিশের গণআন্দোলনে নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে এই শিশুদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

গাজা এবং চব্বিশের গণআন্দোলনে নিহত শিশুদের স্মরণ করে উপদেষ্টা বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের বিবেক গণহত্যাকারী ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে।

এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দীন উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, ঈদের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দুস্থদের সহায়তা এবং এতিমদের ক্যাপিটেশন গ্রান্ডের টাকা পৌঁছে দিয়েছে।

ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত