আবাহনী-মোহামেডানের আপত্তিতে পিছিয়ে গেল শান্তদের ক্যাম্প

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম

ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের আবদারে শুরুতে রাজি না হলেও পরে তা মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্লাব দুটির চাওয়াতে জিম্বাবুয়ে সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তদের ক্যাম্প একদিন পিছিয়ে নেওয়া হয়েছে।

ডিপিএলে এখনো চলছে হাড্ডাহাড্ডি লড়াই। শীর্ষে থাকা আবাহনীর পয়েন্ট ১৬, মোহামেডান আছে দুইয়ে ১৪ পয়েন্ট নিয়ে। সেরা ছয়ে ওঠার লড়াইও জমে উঠেছে। তাই শেষ রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে মরিয়া ছিল ক্লাবগুলো।

ডিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান। আগামী ১২ এপ্রিল হবে এই মহারণ। ঐ দিনই আবার জিম্বাবুয়ে সিরিজের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প শুরুর কথা ছিল। কিন্তু দেশের তারকা ক্রিকেটারের বেশিরভাগই এই দুই দলে। তাই ক্যাম্প পেছানোর অনুরোধ করেছিল ক্লাব দুটি।

সূত্র বলছে, বিসিবি শুরুতে রাজি ছিল না, তবে ক্লাবগুলোর চাপে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। অক্টোবরে বিসিবির নির্বাচন সামনে থাকায় ক্লাবগুলোর সন্তুষ্টি দিতেই এমন সিদ্ধান্ত। একদিন পিছিয়ে তাই বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হচ্ছে ১৩ এপ্রিল থেকে।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস দেশ রূপান্তরকে জানিয়েছিলেন, অনুরোধের কোনো চিঠি তারা পাননি। নির্ধারিত সূচি অনুযায়ী ১২ এপ্রিল থেকেই সিলেটে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

তবে সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী কথা বললেন এবার উল্টো সুরে। দেশ রূপান্তরকে তিনি বলেছেন, ‘নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের চাওয়াতেই ক্যাম্প ‍শুরু হচ্ছে ১৩ এপ্রিল থেকে। সেটা আগে থেকেই নির্ধারিত ছিল। তাই সূচির সঙ্গে সাংঘর্ষিক হয়নি। ক্রিকেটাররা ১২ তারিখ ম্যাচ খেলে ঐ দিন রাতেই যাবেন সিলেটে। বাকিরাও পরদিন ম্যাচ খেলে ঐ রাতেই দলের সঙ্গে যোগ দেবেন।’

এদিকে, প্রধান কোচ ফিল সিমন্স আজ-কালের মধ্যে ঢাকায় পৌঁছাবেন। ইংল্যান্ড থেকে ভ্রমণের পর তিনি বিশ্রামের ফাঁকে হয়তো ১২ এপ্রিল মিরপুরে আবাহনী-মোহামেডানের ম্যাচটিও মাঠে বসে দেখবেন। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট। মাত্র সাত দিনের প্রস্তুতিতে সাদা পোশাকের লড়াইয়ে নামবেন শান্ত-তামিমরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত