কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে ওঠার ম্যাচটির ৪২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলও হজম করে বসে। তারপরও লড়াইয়ে ছাড় দেননি মারুফুল হকের শিষ্যরা। ৮৪ মিনিটে সেই গোল শোধ করে অতিরিক্ত সময় পেরিয়ে খেলা গড়ায় টাইব্রেকে। আর সেখানেই বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে এক মৌসুম পর আবারও ফাইনালে নাম লিখিয়েছে ধানমণ্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি।
আর এলিমিনেটর ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে পিছিয়ে পড়ার পরও ফিরে এসে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেণ্ডস সোসাইটি। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৫ এপ্রিল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে হেরে ফেডারেশন কাপ থেকে ছিটকে পড়লো ব্রাদার্স ইউনিয়ন।
এবারের ঘরোয়া মৌসুমে এতোদিন কোনো বিদেশি ফুটবলার ছাড়াই খেলে আসছিলো আবাহনী। মার্চে মধ্যবর্তী দলবদলে দুই পুরনো খেলোয়াড় নাইজেরিয়ান এমেকা ও ব্রাজিলিয়ান রাফায়েল অগস্তোকে দলে ভেড়ায় ক্লাবটি। লম্বা বিরতির পর ফুটবল মাঠে গড়ালে এ দুজনকে নিয়েই একাদশ সাজায় আবাহনী। চোটজর্জর বসুন্ধরা কিংস দলে নতুন বিদেশিদের নিলেও এই ম্যাচে মাঠে নামাতে পারেনি আর্জেন্টিনার হুয়ান লেসকানো ও তারিক কাজীকে। সংশয় থাকলেও মাঠে নেমেছিলেন তপু বর্মণ। এবারের লিগে একবারের দেখায় কিংসকে ১-০ গোলে হারিয়েছিল আবাহনী। তবে প্রথমার্ধেই ব্যাকফুটে পড়ে যেতে হয় আবাহনীকে। বাঁ প্রান্ত দিয়ে কিংসের ফয়সাল আহমেদ ফাহিম বল নিয়ে আক্রমণ শানাতে গেলে তাকে ট্যাকেল করে দ্ব্তিীয় হলুড কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। প্রথমার্ধ গোল শূন্য কাটলেও দ্বিতীয়ার্ধে দশজনের আবাহনীর ওপর জেকে বসার চেষ্টা করে কিংস। সেই সুবাদে ম্যাচের ৫৭তম মিনিটে জোনাথন ফার্নান্দেসের বক্সে তুলে দেওয়া বল থেকে আবাহনীর দুই রক্ষণের ঢিলেমির সুযোগে মিতুল মারমাকে পরাস্ত করেন মজিবুর রহমান জনি। এগিয়ে যায় কিংস।
তবুও হাল ছাড়েননি মারুফুল হকের শিষ্যরা। দলীয় আক্রমণগুলো ব্যর্থ হলেও সুবর্ণ সুযোগ আসে ম্যাচের ৮৪ মিনিটে। ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পায় আবাহনী। আর শট নিতে যান ব্রাজিলিয়ান রাফায়েল। গোলবারের ডান পাশে নেওয়া তার শটটি মেহেদী হাসান শ্রাবণ ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেও বল পেয়ে যান আরমান ফয়সাল আকাশ। ফাঁকা পোস্ট ভেদ করে আবাহনীকে সমতায় ফেরান তিনি। আর এই গোলেই খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। সেখানেও দুই দল গোল করতে ব্যর্থ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। শ্রাবণকে উঠিয়ে আনিসুর রহমান জিকোকে মাঠে নামান কিংস কোচ ভ্যালেরিও তিতা। কোচের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে ঠেকিয়ে দেন জাফর ইকবালের নেওয়া প্রথম শট। এর পর একে একে গোল করেন জোনাথন ফার্নান্দেস, রাফায়েল অগস্তো, শেখ মোরসালিন এবং এমেকা। তবে দিনশেষে বাজিমাত করেন মিতুল। রাব্বী হোসেন রাহুলের নেওয়া ডান দিকের গড়ানো শটটি ঠেকিয়ে আবাহনীকে সমতায় ফেরান মিতুল। চতুর্থ শটে সবুজ গোল করলেও উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেসিয়েল সান্তোস। পঞ্চম শটে ইব্রাহিমের গোলেই জয় নিশ্চিত হয়ে যায় আবাহনীর। হেরে গেলেও নতুন ফরম্যাটের ফেডারেশন কাপের ফাইনালে ওঠার আরেকটি সুযোগ রয়েছে কিংসের সামনে। এলিমিনেটর ম্যাচ জেতা রহমতগঞ্জের বিপক্ষে ১৫ এপ্রিল কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবেন তিতার শিষ্যরা।
ময়মনসিংহে এলিমিনেটর ম্যাচের ৩৫ মিনিটেই সানডে উদোহর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। প্রথমার্ধ শেষে এক গোলে পিছিয়ে থাকা রহমতগঞ্জ সমতা টানে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং এর হেডারে। ১-১ গোলের সমতার কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০ মিনিটে গাম্বিয়ান সলোমন কিং গোল করে ফেডারেশন কাপ থেকে ব্রাদার্সের বিদায় নিশ্চিত করেন।
প্রথমবার টেস্ট দলে তানজিম সাকিব, তাসকিনকে বিশ্রাম
মেসির সতীর্থ হতে পারেন কেভিন ডি ব্রুইনা