ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরোচিত নারী ও শিশু হত্যাসহ গণহত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবারও দেশজুড়ে নিন্দা, প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিএনপির সহযোগী ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং শিক্ষার্থীরা সারা দেশে এ কর্মসূচি পালন করে। এদিকে সোমবার বিক্ষোভ কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্যদিকে হামলা ও লুটপাটে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রাজু ভাস্কর্যে ছাত্রদলের সমাবেশ : ঢাবি প্রতিনিধি জানান, গাজায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ সমাবেশ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ইসরায়েলের দখলদার বাহিনী কর্তৃক ৫১ হাজারের অধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ধারাবাহিকভাবে যে গণহত্যা চলছে ছাত্রদল সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে যারা রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের সাধুবাদ জানাই। বিক্ষোভ সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি জানান নেতারা।
প্রেস ক্লাবের সামনে ইসরায়েল-আমেরিকার পতাকা পুড়িয়ে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ : ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় গাজায় নিহত শিশুদের প্রতীকী লাশ নিয়ে গণহত্যার প্রতিবাদ জানানো হয়। একই দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ ইসলামি নবজাগরণ ফ্রন্ট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), সমতা পার্টি ইত্যাদি।
ইসরায়েল কর্র্তৃক নির্বিচারে ফিলিস্তিনি শিশু ও সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি ডা. এম এ সামাদ। এদিকে গাজায় নিহত শিশুদের প্রতীকী লাশ কোলে নিয়ে গণহত্যার প্রতিবাদ জানান সমতা পার্টির যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেন বিলাল। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেন এক বিবৃতিতে এ তথ্য জানান। এদিকে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিএমইউতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ : ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর নিষ্ঠুরতম হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। পাশাপাশি বিএমইউতে দেশটিতে নিহতদের জন্য গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ নামে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। নারী, শিশু বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। আমাদের এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে শোককে শক্তিতে পরিণত করতে হবে।’
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ও উপ- উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বক্তব্য দেন। এদিকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরাও ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিল করেছেন। সকালে হাসপাতালের প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিলে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের হাসপাতাল শাখার সভাপতি অধ্যাপক ডা. জিননুরাইন নিউটন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল, অধ্যাপক আবদুল্লাহ কাদের, সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নিলা, রেজিস্ট্রার ডা. মাহফুজুল আলমসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
হামলায় জড়িতদের ধরতে অভিযান চলবে : গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেটসহ বিভিন্ন শহরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে আইন প্রয়োগকারী সংস্থা। দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান চলবে। গতকাল সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। গত সোমবারের এই সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার তদন্ত চলছে। এই নিন্দনীয় কাজের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিবৃতিতে বলা হয়, তদন্তে সহায়তা করতে পারে, এমন তথ্য যাদের কাছে আছে, তাদের সহযোগিতার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি অবমাননাকর। বিবৃতিতে যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের জবাবদিহির আওতায় আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
ঢাকার বাইরে বিক্ষোভ কর্মসূচি : হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে গতকাল এ কর্মসূচি হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, যুবদল নেতা আরমান আলী প্রমুখ।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। গতকাল সকালে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এর আগে সোমবার উপজেলা সদর, গোড়াই ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জামায়েতে ইসলামীসহ ইসলামপন্থি দলগুলো বিক্ষোভ মিছিল করে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে জেলা ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে শহরের পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার রহমান প্রমুখ।
বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া প্রতিনিধি জানান, দুপুরে দুপুরে শহরের সাতমাথা মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন।
মাদারীপুর প্রতিনিধি জানান, ইসরায়েলের সকল ধরনের পণ্য বিক্রি বন্ধের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর দেড়টার সময় জেলার রাজৈর উপজেলা সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
হামলা, লুটপাটে গ্রেপ্তার : গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকায় সোমবার বিক্ষোভ মিছিলের সময় বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত বারোটার দিকে গাছা থানায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিয়াম খান (অনিক), শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন। পুলিশের পক্ষে জানানো হয়, এই ঘটনায় সরাসরি জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, বাটার শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ৩১জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদিকে, নগরীর শিববাড়ী মোড়ের বাটার শোরুমে লুটপাটের ঘটনায় প্রাথমিকভাবে ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আরও হামলার আশঙ্কায় নগরীতে বাটার ৬টি শোরুমের সবকয়টি বন্ধ রাখা হয়েছে।
লুটপাটকারীদের বিরূদ্ধে ব্যবস্থা নিতে হেফাজতের আহবান : চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, ইসরাইলের গণহত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভকালে দেশের কয়েকটি জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতারা। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান গতকাল সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান।
