ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান হোসেন (২৪) হত্যার দ্রুত বিচার দাবিতে ক্লাস বর্জন করে তালা লাগিয়ে দেয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ বুধবার (৯ এপ্রিল) ক্লাস বর্জন করে বেলা ১১টায় বিদ্যালয়ের গেটে তালা দেয় শিক্ষার্থীরা।এ সময় ৭২ ঘণ্টার মধ্যে আরমান হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যালয় বন্ধ থাকার আল্টিমেটাম দেওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ সেনাবাহিনীর সহায়তায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে আলোচনা করে বিদ্যালয়ের তালা খুলে দেন।
জানা যায়, গত বছরের ১ অক্টোবর ভোর রাতে জাটিয়া উচ্চ বিদ্যালয় কর্মরত অবস্থায় নৈশপ্রহরী আরমানকে হত্যা করা হয়। নিহত আরমান হোসেন স্থানীয় মো. লোকমান হোসেনের ছেলে। ২০২১ সালের ১২ডিসেম্বর আরমান জাটিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসাবে যোগদান করে কর্মরত অবস্থায় নিহত হন।
নৈশপ্রহরী হত্যায় ঘটনার দিন রাতেই আরমানের মা ঝরণা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি মাসুদকে আটক করে জেল হাজতে পাঠালেও তিনি এখন জামিনে আছেন।
মামলাটি দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও মূলহোতাদের চিহ্নিত করতে পারেননি বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। এ অবস্থায় আরমান হত্যা মামলার সন্তোষজনক অগ্রগতি না থাকার অভিযোগ এনে বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুলে তালা ঝুলিয়ে দেন। এতে প্রাক্তন শিক্ষার্থীরাসহ এলাকাবাসীও অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাদিম বলেন, 'আরমান হত্যার সাথে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে বিচারের অগ্রগতি না হলে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারুফ হাসান আকাশ বলেন, আরমান হত্যার চূড়ান্ত বিচার না হওয়া পর্য়ন্ত যদি আমাদের ক্লাস বর্জন করতে হয় তাহলে আমরা তাই করবো।
সাবেক শিক্ষার্থী আরিফ বিল্লাহ আরাফাত বলেন, আরমান হত্যায় বিচারকার্যের তাল-বাহানা চলছে। আমরা অতিদ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আপাতত উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ স্যারের আশ্বাসে বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, ছাত্রদের সাথে কথা হয়েছে। মামলাটি এখন পিবিআই তদন্ত করছে। পিবিআই আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো।
ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে কথা বলে বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে।
মেঘনার চরে ভাসমান হাসপাতাল উদ্বোধন
জয়পুরহাটে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে ছাদ থেকে ফেলে দিল বৃদ্ধ
মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ মৃত্যু, ১৮ জনই বিএনপির