রিশাদদের নিয়ে উৎফুল্ল শাহিন আফ্রিদি, কাল শুরু পিএসএল

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৯:২০ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হবে শুক্রবার থেকে। এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। ৬ দল ও ৩৪ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৮ মে।

ইসলামাবাদ বর্তমান চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও তারা (৩ বার শিরোপা)। লাহোর দ্বিতীয় সফল দল, তারা জিতেছে দুবার।

এবার লাহোরে খেলবেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আসর শুরুর আগে আজ বৃহস্পতিবার ক্যাপ্টেনস টক-এ শাহিন বলেন, 'আমি লাহোর দলে থাকা তরুণ খেলোয়াড়দের নিয়ে উৎফুল্ল। আমরা পিএসএলটা আনন্দে কাটাতে চাই। ঘরোয়া ক্রিকেট খেলেই এখানে অনেকে যুক্ত হন। পাকিস্তান সুপার লিগ আমাদের লিগ যতটা সম্ভব এটিকে সমর্থন দেওয়া দরকার।'

কথা বলেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান বাবর আজমও। পেশোয়ার জালমির নেতৃত্বে আছেন বাবর। তিনি বলেন, 'পাকিস্তান সুপার লিগে সব দলই সমান ভারসম্যপূর্ণ। পিএসএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চেষ্টা করেছে সেরা দল গড়ার।'

এবার বাংলাদেশ থেকে রিশাদ ছাড়াও পিএসএলে খেলবেন আরও দুজন। করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস। নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে। তবে রানা পিএসএলের ছাড়পত্র পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের পর। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত