খুলনা ওয়াসার উপসহকারী প্রকৌশলী চিন্ময় মহলদারের বিরুদ্ধে পানির লাইন সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থগ্রহণের অভিযোগ উঠেছে। তবে পানির লাইন না পাওয়ায় গত ২৭ মার্চ খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে কয়েকজন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার মুহাম্মদিয়া জামে মসজিদসংলগ্ন চৌরাস্তার মোড়ের উত্তর দিকের গলিতে ছয়জন গ্রাহকের বসবাস। গত বছরের ২৩ এপ্রিল ওয়াসার পানির সংযোগ লাইন দেওয়ার কথা বলে খুলনা ওয়াসার উপসহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার আবদুল লতিফ চিশতির কাছ থেকে ১৩ হাজার, এস এম কামরুজ্জামানের কাছ থেকে ১৪ হাজার, নজরুল ইসলামের কাছ থেকে ১৪ হাজার, আলম খানের কাছ থেকে ১৪ হাজার, তৈয়বুর রহমানের কাছ থেকে ১৪ হাজার ও নূরজাহান বেগমের কাছ থেকে ১৪ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু এখনো পর্যন্ত তারা কেউ পানির লাইন পাননি।
অভিযোগকারী আবদুল লতিফ চিশতি বলেন, ‘ওয়াসার উপসহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার ১৫ দিনের ভেতরে পানির লাইন দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু গত ১১ মাসেও আমরা পানির লাইন পাইনি। আজ দেবে, কাল দেবে বলে বিলম্ব করছেন।’
এ ব্যাপারে জানতে ওয়াসার উপসহকারী প্রকৌশলী চিন্ময় মহলদারের বক্তব্য পেতে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ওয়াসার সচিব প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘গ্রাহকদের কাছ থেকে ওয়াসার কোনো কর্মকর্তা-কর্মচারীর নগদ টাকা গ্রহণের সুযোগ নেই। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওয়াসার বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
