ফের বন্ধ সিইউএফএলের সার উৎপাদন

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সারকারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস-সংকটে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল। কারখানায় উৎপাদন আবার বন্ধ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী। তিনি বলেন,‘গ্যাস সরবরাহ না থাকায় সকাল ৭টার দিকে উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।’

সিইউএফএল সূত্র জানায়, গত দুই বছর যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সিইউএফএল। ২০২৩-২০২৪ অর্থবছরে শুধু পাঁচ দিন চালু ছিল এ কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ থাকার পর ১৩ অক্টোবর কারখানাটি চালু হয়। এ বছরের ৩ জানুয়ারি আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কারখানার উৎপাদন বন্ধ থাকে। সর্বশেষ কারখানা চালু প্রক্রিয়া শেষে গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার সময় কারখানাটি চালু করা হয়।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। কারখানা চালু হওয়ার সময় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা থাকলেও বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে। পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত