আনোয়ারায় অটোরিকশার চালককে হত্যা মামলায় দুজন গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২৬, ০৫:০১ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় চালককে চেতনানাশক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই এবং চালকের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও পটিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আনোয়ারা থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ জামাল ওরফে গলাকাটা জামাল (৫২) ও তার সহযোগী রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের আবদুল জব্বার (৩১)।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলী (৫০) ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অটোরিকশাটির মালিক ছিলেন ওই এলাকার আলী আহমদ। গত ২০ এপ্রিল সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আইয়ুব আলী। ওই দিন দুপুরে উপজেলার শোলকাটা রাস্তার মাথা এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ২৭ এপ্রিল তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, চেতনানাশক দ্রব্য প্রয়োগের কারণেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অটোরিকশার মালিক আলী আহমদ বাদী হয়ে গত ৬ মে আনোয়ারা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করলে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর বাকলিয়া ও পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া প্রধান আসামি জামাল অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অটোরিকশাটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত