আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা নামে একজন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। থানা ও আদালতে উভয় পক্ষের একাধিক মামলাও চলমান রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছিলো।
সর্বশেষ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের এক ব্যক্তি নড়াইলের আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিল। পথে একা পেয়ে আফতাব মোল্য পক্ষের লোকেরা মারধর করে। এর জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে। পরে খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষে আফতাব মোল্যা পক্ষের গুরুতর আহত ফরিদ মোল্লাকে (৫৭) গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
