দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জামালপুরের ইসলামপুর উপজেলার বিএনপি নেতা মো. আলী হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী।
আলী হোসেন জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তিনি ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা এবং গত প্রায় সাড়ে তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে ড. সামিউল হক ফারুকী সদ্য যোগদানকারী আলী হোসেনের হাতে জামায়াতে ইসলামীর কয়েকটি বই তুলে দেন। একইসঙ্গে তিনি ইসলামপুর আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের পরিচয়ও তুলে ধরেন।
জামায়াতে যোগদানের বিষয়ে আলী হোসেন বলেন, "আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর কার্যক্রম ও আদর্শে আকৃষ্ট হয়ে আজ এই দলে যোগ দিয়েছি।"
এ বিষয়ে জামালপুর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান বলেন, ‘পৌর শহরের মণ্ডলপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলী হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।’
এদিকে, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহাব মাস্টার বলেন, ‘রাজনীতি করা একান্তই ব্যক্তিগত বিষয়। আলী হোসেন বিএনপির একজন নিবেদিত ও বলিষ্ঠ কর্মী ছিলেন। তিনি দল পরিবর্তন করলেও বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক শক্তি, এক-দুজনের দলত্যাগে দলের তেমন কোনো ক্ষতি হয় না।’
গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা
আজ ‘মার্চ ফর গাজা’, প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যানে
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ দিন