সুবর্ণজয়ন্তী ও বৈশাখী মেলা

১৫ দিনব্যাপী সোনারগাঁ জাদুঘরের বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৩:১১ পিএম

সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও জাদুঘরের সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এ উপলক্ষে ফাউন্ডেশন চত্বরে থাকছে জমকালো আয়োজন। ইতিমধ্যে কর্তৃপক্ষ তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রং বেরংয়ের বাতি ও বিভিন্ন  গ্রামীন মোটিভ দিয়ে সাজানো হয়েছে। এ উৎসবকে সফল করতে ইতিমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ গাড়ীতে করে প্রচারণা চালানো হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য চন্দ্র শেখর সাহা ও  সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান প্রমূখ। উদ্বোধন শেষে লোকজ মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। পাশাপাশি সোনারগাঁ জাদুঘরের ৫০ বছরপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হবে।

এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকার কারুশিল্পীদের উৎসবে আমন্ত্রন জানানো হয়েছে। উৎসবে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাইশিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্প এবং ক্ষুদ্র-নৃ গাষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুযোগ পাচ্ছেন তারা।

এছাড়াও উৎসব চলাকালীন প্রতিদিনই থাকছে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া থাকবে পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। থাকছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। রসনাতৃপ্তির জন্য থাকবে মুখরোচক সব বাঙালি খাবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত